Image description

গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে (Hippo International English Olympiad 2026) এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অর্জনকারী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিনা নূর তাজকে (৮) বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে কালিয়াকৈর উপজেলার আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামিনা নূর তাজ ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে জামালপুর জেলার মেস্তা গ্রামের মো. সানোয়ার হোসেন মামুন ও মোছা. তাজিমা খাতুন দম্পতির মেয়ে। বর্তমানে তারা পরিবারসহ কালিয়াকৈরে বসবাস করছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামিনা নূর তাজ সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড-২০২৬’-এ অংশগ্রহণ করে এশিয়া অঞ্চলের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনে। এর আগে গত ২৫ এপ্রিল ঢাকার প্রথম বাছাই পর্বে এবং ২৩ মে নারায়ণগঞ্জে জাতীয় পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে সে আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিতব্য ‘ইউনিভার্সাল রাউন্ড’-এ বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে সে।

সংবর্ধনা অনুষ্ঠানে খুদে শিক্ষার্থী তাজ তার এই সাফল্যের পেছনে শিক্ষক, বাবা-মা ও বিদ্যালয় কর্তৃপক্ষের অবদানের কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ জলিল উদ্দিন, অধ্যক্ষ দিলওয়ার হোসেন, উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পবিত্র কুমার বাকালি প্রমুখ।

বিদ্যালয়ের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন তার বক্তব্যে বলেন, “সামিনা নূর তাজ শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং পুরো দেশের গর্ব। তার এমন বিশ্বজয়ী মেধা বিকাশে আমরা সব সময় পাশে থাকব। প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হয়েছে যে, তাজের ভবিষ্যৎ শিক্ষাজীবনের যাবতীয় ব্যয়ভার আমাদের প্রতিষ্ঠান বহন করবে।”

মানবকণ্ঠ/ডিআর