Image description

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। সরকারি বিধিমালা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও সোমবার রাতেও সেখানে পতাকা উড়তে দেখা গেছে। এই ঘটনার প্রতিবাদ ও ভিডিও প্রকাশ করায় এক সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পাথরঘাটা উপজেলা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা উড়তে দেখেন দৈনিক কালবেলা’র উপজেলা প্রতিনিধি আল আমিন ফোরকান। তিনি ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এর কিছুক্ষণ পরই একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে ফোন করে চরম অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক আল আমিন ফোরকান জানান, হুমকিদাতার কণ্ঠস্বর উপজেলা পরিষদের নৈশপ্রহরী পার্থপ্রতিম বিশ্বাসের কণ্ঠের সাথে মিল রয়েছে। এ ঘটনায় তিনি মঙ্গলবার (৭ জুলাই) পাথরঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “এই হুমকির পর থেকে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল এ প্রসঙ্গে বলেন, “সাংবাদিককে হুমকির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলা শাখার সভাপতি ও সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল করিম। তিনি বলেন, “অনিয়ম তুলে ধরা গণমাধ্যমকর্মীর দায়িত্ব। জাতীয় পতাকা অবমাননা ও সাংবাদিককে হুমকির ঘটনায় তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।” একই দাবি জানিয়েছেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোঃ ফারুক এবং পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলিম জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মানবকণ্ঠ/ডিআর