গোয়াইনঘাটে খেলার মাঠ ও শ্মশান রক্ষায় মানববন্ধন, এসিল্যান্ডকে লাঞ্ছনার অভিযোগ
সিলেটের গোয়াইনঘাটে বালু খেকোদের থাবা থেকে শতবর্ষী গুরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ, মন্দির ও শ্মশান রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১টায় উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের গুরাগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে পাঁচশতাধিক মানুষের উপস্থিতিতে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাদারপার বালু মহাল ইজারার নামে মেসার্স মান্নান ট্রেডার্স ঐতিহ্যবাহী গুরাগ্রাম খেলার মাঠটি দখল করার পাঁয়তারা করছে। ইজারাদার পক্ষ বারবার সার্ভেয়ার নিয়ে মাঠের সীমানা নির্ধারণের চেষ্টা করায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, শতবর্ষী এই খেলার মাঠটি কীভাবে বালু মহালের আওতায় লীজ দেওয়া হলো তা খতিয়ে দেখা প্রয়োজন।
বক্তারা আরও জানান, গত সোমবার (৬ জুলাই) গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন ইজারাদারকে সীমানা নির্ধারণ করে দিতে সরেজমিনে পরিদর্শনে আসেন। তবে তিনি খেলার মাঠ, মন্দির, শ্মশান ও কবরস্থান দেখে সীমানা নির্ধারণ করে দিতে অসম্মতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ইজারাদারের লোকজন এসিল্যান্ডের ওপর চড়াও হয় এবং তাকে লাঞ্ছিত করে। পরে গ্রামবাসীর সহায়তায় তিনি ওই স্থান ত্যাগ করেন।
ঐতিহ্যবাহী এই খেলার মাঠ ও ধর্মীয় স্থাপনা রক্ষায় এলাকাবাসী স্থানীয় প্রশাসন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রয়োজনে জীবন দিয়ে হলেও মাঠ রক্ষার হুঁশিয়ারি দেন তারা।
গুরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও জাকারিয়া ইকবালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মঈন ইউ আহমদ, সিনিয়র শিক্ষক দিলিপ কুমার দাস, নাজমুল ইসলাম রিপন, সনই কুমার দাস, শুশিল দাস, সিরাজ উদ্দিন ও রুহুল আমীনসহ আরও অনেকে।
এ বিষয়ে গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, "নদীর পাড়ে খেলার মাঠ, মন্দির ও শ্মশান থাকায় আমি সীমানা নির্ধারণ করে দিতে অনিচ্ছা প্রকাশ করি। তখন ইজারাদারের সাথে আসা কিছু বহিরাগত লোক উত্তেজিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সরকারি কাজে বাধা দেওয়ার সুযোগ নেই, আমি এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) বরাবর প্রতিবেদন পাঠাবো।"
তবে অভিযোগ অস্বীকার করে ইজারাদার আব্দুল মান্নান বলেন, "আমাদের সাথে কোনো সমস্যা হয়নি। এসিল্যান্ড সাহেব মাঠের বিষয়টি ডিসি স্যারের সাথে আলোচনা করে সমাধান করবেন বলে জানিয়েছেন।"
মানবকণ্ঠ/ডিআর




Comments