টানা ভারী বর্ষণে ময়মনসিংহ নগরীর চরম জলাবদ্ধতার বলি হলো ৮ মাস বয়সি এক শিশু। বুধবার (৮ জুলাই) সকালে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ঘরের মেঝেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আয়াস নামের ওই শিশুটির মৃত্যু হয়। মৃত আয়াস ওই এলাকার আবির মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে আবির মিয়ার বসতঘরে পানি ঢুকে পড়ে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু আয়াস তার মায়ের সাথে খাটে ঘুমাচ্ছিল। একপর্যায়ে সে খাট থেকে গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মৃত শিশুর মামী রুমানা আক্তার বলেন, "সারারাত বৃষ্টির কারণে ঘরের মেঝেতে পানি জমেছিল। শিশুটি তার মায়ের সাথে ঘুমানোর সময় হঠাৎ খাট থেকে পড়ে পানিতে ডুবে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।"
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে সকাল ১০টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বজনরা মরদেহ নিয়ে বাড়ি চলে যান।
উল্লেখ্য, গত রাত থেকে টানা সাড়ে আট ঘণ্টার রেকর্ড ভাঙা বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ড্রেন উপচে সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এই জলাবদ্ধতার কারণেই আজ একটি প্রাণ অকালে ঝরে পড়ল।
মানবকণ্ঠ/ডিআর




Comments