ঝিনাইদহে আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে এক সমর্থকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় ফুটবল খেলা দেখা অবস্থায় আর্জেন্টিনার গোল ও সমতায় ফেরার উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে রসুল উদ্দীন (৪৫) নামে এক একনিষ্ঠ সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে শৈলকুপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রসুল উদ্দীন ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তিনি লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের অন্ধ ভক্ত হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি চলাকালে শুরুতে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে রসুল উদ্দীন ভীষণ হতাশ হয়ে পড়েন এবং খেলা দেখা বাদ দিয়ে বাড়িতে চলে যান। পরে আর্জেন্টিনা দুই গোল শোধ করে সমতায় ফিরলে খবর পেয়ে তিনি পুনরায় উল্লাসে মাততে খেলা দেখার স্থানে ছুটে আসেন। অন্য সমর্থকদের সঙ্গে আনন্দ প্রকাশের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, অতিরিক্ত উত্তেজনা ও শারীরিক ধকল সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
একজন সহজ-সরল ও কর্মঠ মানুষের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও পুরো বালিয়াডাঙ্গা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments