রামগঞ্জে মাদক বিরোধের জেরে বিএনপি সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে ৩ নম্বর ভাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনি সাবেক প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার ভাতিজা।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেথুড়ী বাজারে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেথুড়ী বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনা নিয়ে সাক্ষ্য দেওয়া ও আনুষঙ্গিক বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জাহাঙ্গীর হোসেনের ছেলে রাজু ধারালো অস্ত্র দিয়ে জহিরুল হককে আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জহিরুল হককে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিএনপির স্থানীয় নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এদিকে, অভিযুক্ত রাজুর রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী এক ফেসবুক পোস্টে স্পষ্ট করেন যে, রাজু কখনোই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, জনতার হাতে আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে জহিরুল হকের ওপর হামলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রাজুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments