টানা কয়েক দিনের ভারী বর্ষণে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন শতাধিক পরিবারের অন্তত কয়েক হাজার মানুষ। রাস্তাঘাট ও বসতঘরের উঠান ছাপিয়ে পানি ঢুকে পড়েছে ঘরের ভেতর ও ধর্মীয় উপাসনালয়ে। ফলে রান্নাবান্না ও শৌচাগার ব্যবহারসহ নিত্যদিনের স্বাভাবিক কাজকর্ম স্থবির হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘস্থায়ী এই জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা। অনেকের ঘরের মেঝেতে হাঁটুসমান পানি জমে থাকায় আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী নষ্ট হচ্ছে। ঘরের ভেতর চলাচলের জন্য অনেকে ইট ও কাঠের তক্তা দিয়ে অস্থায়ী মাচা তৈরি করেছেন। রান্নার চুলা পানির নিচে তলিয়ে যাওয়ায় অনেক পরিবারে খাদ্য সংকটও দেখা দিয়েছে। এছাড়া এলাকার মন্দির ও ধর্মশালায় পানি ঢুকে পড়ায় পূজা-অর্চনা ও ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা বা কালভার্ট রাখা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই বৃষ্টির পানি আটকে এই দীর্ঘস্থায়ী সংকটের সৃষ্টি হয়। শ্রী বিষ্ণু চক্রবর্তী ও গীতা রানী ভৌমিকসহ একাধিক ভুক্তভোগী জানান, বছরের অর্ধেক সময় তাদের এভাবেই মানবেতর জীবন কাটাতে হয়। টয়লেটে পানি ওঠায় যেমন স্বাস্থ্যঝুঁকি বেড়েছে, তেমনি সাপের উপদ্রব আর শিশুদের নিরাপত্তা নিয়েও তারা চরম আতঙ্কে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা দুলর্ভ চন্দ্র পাল ক্ষোভ প্রকাশ করে বলেন, "এলাকার চারদিকে রাস্তা হলেও পানি যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা না করলে আমাদের এই ভোগান্তি কোনোদিন শেষ হবে না। আমরা প্রশাসনের কাছে এর দ্রুত ও স্থায়ী সমাধান চাই।"
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত এলাকাটি পরিদর্শন করব। জলাবদ্ধতার সঠিক কারণ চিহ্নিত করে পানি নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments