Image description

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে দুই সন্তানের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রোববার (১২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাসিমা (৩০) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কৈলাশপুর বনপাড়া গ্রামের আ. রাজ্জাকের মেয়ে। তিনি স্থানীয় ওয়ানটেক্স লিমিটেড নামের একটি কারখানায় চাকরি করতেন। অভিযুক্ত স্বামী সাইদুর রহমান (৪২) ময়মনসিংহের তারাকান্দা থানার গিদাপাড়া গ্রামের আ. রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, পারিবারিক কলহের জেরে নাসিমা কয়েক মাস আগে দুই সন্তানসহ শ্রীপুরে চলে আসেন এবং ওয়ানটেক্স কারখানায় কাজ শুরু করেন। কয়েকদিন আগে স্বামী সাইদুরও ওই ভাড়া বাড়িতে এসে তাদের সাথে থাকা শুরু করেন। রোববার রাতে সবাই একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে সন্তানদের চিৎকার শুনে পাশের কক্ষের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে ঘরের মেঝেতে নাসিমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই স্বামী সাইদুর পলাতক রয়েছেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, নিহত নাসিমার শিশু সন্তানরা জানিয়েছে তাদের বাবাই মাকে হত্যা করেছে। অভিযুক্ত সাইদুর রহমানকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। তাকে গ্রেফতার করতে পারলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর