পানির উচ্চতা বৃদ্ধি
শনিবার খোলা হচ্ছে কাপ্তাই লেকের ১৬টি জলকপাট
টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় লেকের পানি ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। হ্রদে পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে আগামী শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর যেকোনো সময় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাপ্তাই লেকের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৩ দশমিক ৯১ ফুট মিন সী লেভেল (এমএসএল)। উল্লেখ্য, হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে হ্রদে পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন প্রয়োজন হয়ে পড়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ খোলার মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদে পানির প্রবাহ (ইনফ্লো) এবং বৃষ্টিপাতের পরিস্থিতির ওপর নির্ভর করে গেট খোলার সময় পরিবর্তন বা গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।
বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে, যার ফলে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। নতুন করে স্পিলওয়ে গেট খুলে দিলে পানি নিষ্কাশনের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments