ভাইরাল ভিডিও দেখে গ্রেপ্তার
২৭ বছরেই ৬ বিয়ে, মাদকাসক্ত স্বামীর নির্যাতনে হাত ভাঙল স্ত্রীর
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় ১৯ বছর বয়সী ষষ্ঠ স্ত্রী মরিয়ম আক্তার তাসফিয়াকে পিটিয়ে বাম হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামী জহির হোসেনের (২৭) বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে অভিযুক্ত জহিরকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহির হোসেন রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বয়স মাত্র ২৭ বছর হলেও তিনি এর মধ্যেই ছয়টি বিয়ে করেছেন। মাদকাসক্তি এবং স্ত্রীদের ওপর অমানুষিক নির্যাতনের কারণে আগের পাঁচ স্ত্রী তাকে ছেড়ে চলে যান।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত ২০ জুলাই ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক ব্যক্তি এক নারীকে লাঠি দিয়ে নির্মমভাবে পেটাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্তে নামে এবং নিশ্চিত হয় যে ঘটনাটি রামগঞ্জের। পরে সোমবার রাতে জহিরকে তার নিজ গ্রাম থেকে আটক করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী তাসফিয়া জানান, তার বাড়ি চট্টগ্রামের রামগড় এলাকায়। তাদের সংসারে ৫ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। জহির নিয়মিত মাদক সেবন করত। ঘটনার রাতে জহির দেরিতে বাড়ি ফেরায় তাসফিয়া তার প্রতিবাদ করেন এবং মাদক সেবন করতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জহির লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে বাম হাত ভেঙে দেয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির নেতা বোরহান উদ্দিন বলেন, "ভুক্তভোগী পরিবারটি যেন অর্থাভাবে বা কোনো চাপে মামলা থেকে পিছিয়ে না যায়, সে জন্য ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাদের এক মাসের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।"
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। জহির একজন চিহ্নিত মাদকাসক্ত এবং বহুবিবাহকারী। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments