Image description

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২৮১ বোতল অবৈধ ‘স্কাফ’ (Scaaf) সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) র‍্যাব-১০-এর সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-২ (শ্রীনগর ক্যাম্প) মুন্সীগঞ্জের পশ্চিম কাজির পাগলা মসজিদ সংলগ্ন ব্রিজ এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। তল্লাশিকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৪ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন—যশোর জেলার কোতোয়ালী থানার হালসা গ্রামের মো. সম্রাট হোসেন (৩৬) ও মো. শরিফুল ইসলাম (২৪)।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে পদ্মা সেতুর রুট ব্যবহার করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, জব্দকৃত মাদক ও প্রাইভেটকারসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর