Image description

দৈনিক মানবকণ্ঠে সংবাদ প্রকাশের পর ঢাকার আশুলিয়ায় ‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটির অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন।

এর আগে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদনের অভিযোগ এবং তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে দৈনিক মানবকণ্ঠে ‘সোহেল রানার অনুমতি ছাড়া সাংবাদিক প্রবেশ নয়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন বলেন, কারখানাটিতে বিভিন্ন অসঙ্গতি পাওয়া গেছে। বিষয়গুলো নিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং অসঙ্গতিগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সংশোধনের জন্য সময় চেয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অসঙ্গতিগুলো সংশোধন করা না হলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসব অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, সংবাদ প্রকাশের পর প্রশাসনের অভিযান ও জরিমানার ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম আইন ও বিধিমালা অনুযায়ী পরিচালনার দাবি জানিয়েছেন।

অভিযানকালে আশুলিয়া থানার এসআই মো. সুমন মিয়াসহ ইলেকট্রনিক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসএ