Image description

দক্ষিণ কোরিয়ায় রেকর্ড তাপপ্রবাহের কারণে কৃষিতে বড় ধরনের ক্ষতি হচ্ছে। দেশটির গ্যাংওন প্রদেশের কিছু এলাকায় মাটি থেকে তোলার আগেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে আলু নরম হয়ে অনেকটা সেদ্ধ আলুর মতো হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের গ্যাংওন প্রদেশের ইয়াংগু কাউন্টিতে এক সপ্তাহ আগেও আলুর ক্ষেত ভালো ছিল। কিন্তু এখন ক্ষেত থেকে আলু তুলতে গিয়ে কৃষকেরা পচা ও নষ্ট আলু পাচ্ছেন।

৪০ বছর ধরে আলু চাষ করা কৃষক লি সাং-হিউক বলেন, এমন পরিস্থিতি তিনি আগে কখনো দেখেননি।

শুধু আলু নয়, তীব্র গরমে বাঁধাকপি, আপেল ও পিচসহ অন্যান্য ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক বাঁধাকপির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো মাটিতে মিশিয়ে দিতে হয়েছে। অতিরিক্ত রোদে আপেলে দাগ পড়ছে এবং গরমে পিচ ফেটে যাচ্ছে।

গত ২ আগস্ট দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়াংসান শহরের তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া রেকর্ড শুরু হওয়ার পর এটি দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ তাপমাত্রা।

চলমান তাপপ্রবাহে দেশটিতে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৯ লাখের বেশি গবাদিপশু এবং প্রায় ১৪ লাখ চাষকৃত মাছ মারা গেছে।

কৃষকেরা আশঙ্কা করছেন, তীব্র গরমের কারণে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে। বিশেষ করে সেপ্টেম্বরের চুসক উৎসবের আগে বাজারে কৃষিপণ্যের সরবরাহ কমে গেলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

গবেষকেরাও সতর্ক করেছেন, ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ায় আলু চাষে তাপসহনশীল জাতের প্রয়োজন বাড়বে।

দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং এই পরিস্থিতিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। তিনি চরম আবহাওয়া মোকাবিলায় জাতীয় ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এ ধরনের চরম আবহাওয়া ধীরে ধীরে ‘নতুন স্বাভাবিক’ হয়ে উঠছে।

এসএস