Image description

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯২ শিক্ষকের মধ্যে ৫৮ জনের নাম শনাক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী করণীয় ও সুপারিশ দিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে কমিটিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

প্রশাসন জানিয়েছে, শনাক্ত হওয়া শিক্ষকদের বিষয়ে বিভিন্ন তথ্য পর্যালোচনা করে কমিটি পরবর্তী করণীয় নির্ধারণ করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে। তালিকায় থাকা বাকি শিক্ষকদের নাম শনাক্ত হলে তাদের বিষয়েও একইভাবে পর্যালোচনা করা হবে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম চালু করার লক্ষ্যে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন। ওই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষকের নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসার পর বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে তালিকায় থাকা ৫৮ শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে।

এর আগে একটি অনলাইন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরি এবং আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা চালাতে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষক একটি টেলিগ্রামভিত্তিক গোপন গ্রুপে যুক্ত রয়েছেন। ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’ নামে ওই গ্রুপের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

তবে তালিকায় থাকা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা বা তাদের প্রত্যেকের সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের কমিটির তদন্ত ও পর্যালোচনা শেষ হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এসএস