বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনীতিতে পরিচিত মুখ। তবে রাজনীতির বাইরে তার জীবনের আরেকটি পরিচয় রয়েছে—তিনি একসময় নাটকে অভিনয় ও নির্দেশনার সঙ্গে যুক্ত ছিলেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে দলীয় প্রার্থী করার পর তার ব্যক্তিজীবনের নানা দিক নতুন করে আলোচনায় এসেছে। এর মধ্যে উঠে এসেছে তার অভিনয়জীবনের কথাও।
মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ফণী ভূষণ পালদের কাছেই তার নাট্যচর্চার হাতেখড়ি।
তিনি শুধু নাটকে অভিনয়ই করেননি, নাটক পরিচালনাও করেছেন। ঠাকুরগাঁওয়ের নাট্যচর্চার ঐতিহ্যের কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন তিনি।
তার অভিনয়জীবনের উল্লেখযোগ্য একটি ঘটনা হলো খ্যাতিমান চিত্রনায়ক রহমান ও অভিনেতা আনোয়ার হোসেনের সঙ্গে একই মঞ্চে অভিনয় করা। চিত্রনায়ক রহমান, অর্থাৎ আবদুর রহমান, তার মামাতো ভাই। অন্যদিকে ‘ঢাকাই চলচ্চিত্রের নবাব’খ্যাত আনোয়ার হোসেনের সঙ্গেও মঞ্চে অভিনয়ের সুযোগ হয়েছিল তার।
মির্জা ফখরুল জানান, তাদের সঙ্গে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও করেছেন তিনি। রাজনীতিতে সক্রিয় হওয়ার অনেক আগেই মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি একসময় শিক্ষকতাও করেছেন মির্জা ফখরুল। পরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। শিক্ষকতা, সংস্কৃতি ও রাজনীতির মধ্যে কোনটি তার কাছে বেশি উপভোগ্য—এমন প্রশ্নের জবাবে তিনি সংস্কৃতিকে বেছে নিয়েছিলেন।
তার ভাষায়, ‘নিঃসন্দেহে সাংস্কৃতিক জগৎটাই বেশি উপভোগ্যের বিষয়।’
রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়া মির্জা ফখরুলের জীবনের এই সাংস্কৃতিক অধ্যায় তার রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা এক ভিন্ন দিক তুলে ধরে।
এসএস




Comments