চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার ফেলে পালিয়ে গেছে মাদক কারবারিরা। পরে পরিত্যক্ত গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা জব্দ করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় বেঁদেপাড়া এলাকার আরসিএল ফিল্ডের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
জোরারগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচাকেনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তিন থেকে চারজন মাদক কারবারি গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা সিলভার রঙের একটি প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ-১২-৯৯৬৪) তল্লাশি করা হয়।
তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে তিনটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে ২৫টি প্যাকেটে মোড়ানো অবস্থায় মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএ




Comments