নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মাদকদ্রব্য, মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহন ও নগদ প্রায় ৬ লাখ টাকাসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীকের নির্দেশনায় তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এইচ এম মো. জসীম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়। অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাসির, মো. স্বপন ও মো. মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫ পিস ফেনসিডিল, ২ পিস বিয়ার, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল এবং নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ করা হয়। এ সময় ১৪ জনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ



Comments