Image description

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই কার্যক্রমের আওতায় ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরের মতো নিত্যপণ্য বাজারদরের চেয়ে কম দামে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে।

টিসিবি সূত্রে জানা গেছে, দেশের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৭৫ লাখ সুবিধাভোগীর পাশাপাশি ট্রাক সেলের মাধ্যমে সাধারণ নিম্নআয়ের মানুষও এসব পণ্য কেনার সুযোগ পাবেন। প্রতিদিন প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ সরাসরি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। তবে কার্ডধারীদের তুলনায় ট্রাক সেলের ক্রেতাদের প্রতি প্যাকেজে ৬০ টাকা বেশি গুণতে হবে।

টিসিবি’র নির্ধারিত মূল্য অনুযায়ী, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ২ লিটার সয়াবিন তেল পাবেন ২০০ টাকায়। তবে ট্রাক সেল থেকে একই পরিমাণ তেল কিনতে সাধারণ ভোক্তাদের দিতে হবে ২৩০ টাকা। একইভাবে চিনি ও ডালের ক্ষেত্রেও ট্রাক সেলে কেজিপ্রতি ১০ টাকা বেশি দাম নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন-পরবর্তী সময়ে রমজানের বাজার ধীরে ধীরে জমতে শুরু করেছে। বর্তমানে বাজারে পণ্যমূল্য তুলনামূলক স্থিতিশীল থাকায় সাধারণ ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিসিবি এবার বড় পরিসরে এই পরিকল্পনা গ্রহণ করেছে।

উল্লেখ্য, রমজান মাসজুড়ে সারা দেশে প্রায় সাড়ে ৪০০ ট্রাকের মাধ্যমে টিসিবির এই বিশেষ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী পণ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সংস্থাটি।

মানবকণ্ঠ/ডিআর