দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। এক লাফে প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে লাগবে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এবং সাধারণ গ্রাহকদের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল স্বর্ণের দাম একলাফে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম উঠেছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায়। তবে এক দিনের ব্যবধানেই সেই বাড়তি দাম থেকে বড় ধরনের ছাড় পেলেন ক্রেতারা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩১ বার এবং কমানো হয়েছে ২৩ বার। উল্লেখ্য, গত ২০২৫ সালেও দেশের বাজারে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দামের পরিবর্তন ঘটেছিল, যা স্বর্ণের বাজারের অস্থিরতাকেই তুলে ধরে।
মানবকণ্ঠ/আরআই




Comments