Image description

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় বড় অংশীদার হিসেবে আগামী ৫ বছরের জন্য ৫০০ কোটি বা ৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বাংলাদেশে সংস্থাটির বার্ষিক সহায়তার পরিমাণ বর্তমানের তুলনায় আরও ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে ঢাকায় সফররত এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনার পাশাপাশি এই বিশাল অংকের অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।

এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। এডিবি প্রেসিডেন্টের সফরকালেই ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় ১.৪ বিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা মোকাবিলায় অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলারের তহবিল বৃদ্ধি করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে এডিবির বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। সংস্থাটি জানিয়েছে, মধ্য মেয়াদে এর পরিমাণ বাড়িয়ে প্রায় ২.৪ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। এডিবির নতুন পরিকল্পনা অনুযায়ী, উন্নয়ন প্রকল্পগুলোতে বছরে গড়ে প্রায় ১ বিলিয়ন ডলার করে নতুন অর্থায়ন নিশ্চিত করা হবে। এই বর্ধিত সহায়তা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই