Image description

সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। সোমবার (২৫ মে) উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। দিলরুবা বাসস্ট্যান্ডের ঘটনায় একই পরিবারের আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলো—পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের কন্যা সারা খাতুন (৮) এবং শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের পুত্র আহমদ (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লবণবোঝাই একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি আরোহী শিশু সারা খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ সময় সিএনজিতে থাকা সারার বাবা সবুজ প্রামাণিক, মা মিতা খাতুন, বোন সোহা খাতুন ও ভাই আয়ান গুরুতর আহত হন। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই মহাসড়কের মশিপুর গুচ্ছ গ্রাম এলাকায় রাস্তা পারাপারের সময় সিমেন্টবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে শিশু আহমদ (৭)। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুটি দুর্ঘটনায় নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক, ভটভটি এবং ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে তিনটি গাড়ির চালকই পালিয়ে গেছে। এই দুই ঘটনায় থানায় আলাদা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/ডিআর