ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি চললেও বিশেষ প্রয়োজনে আজ মঙ্গলবার (২৬ মে) দেশের পোশাক শিল্প এলাকা ও বন্দর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নির্দিষ্ট কিছু শাখা সীমিত পরিসরে খোলা রয়েছে। মূলত তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার খোলা থাকা ব্যাংক শাখাগুলোতে অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহক পর্যায়ে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
যেসব এলাকায় ব্যাংক খোলা:
গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলারে জানানো হয়েছিল, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি থাকবে। তবে পোশাক শিল্প খাতের শ্রমিকদের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।
বন্দর এলাকার বিশেষ ব্যবস্থা:
পোশাক শিল্প এলাকা ছাড়াও দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা চালু রয়েছে। ঈদের ছুটির সময়ও (ঈদের দিন ছাড়া) এসব এলাকায় আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম চালানোর সুবিধার্থে সীমিত আকারে লেনদেন অব্যাহত রাখার নির্দেশনা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদের এই লম্বা ছুটিতে যে সকল কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন, তারা বিধি মোতাবেক নির্ধারিত বিশেষ ভাতা পাবেন। ১ জুন (সোমবার) থেকে দেশের সকল ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
বর্তমানে ঈদের কেনাকাটা ও বাড়ি ফেরার শেষ মুহূর্তের চাপ থাকলেও ডিজিটাল ব্যাংকিং ও এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।




Comments