ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের পীর শাহ্ সুফি মো. রবিন হাসান মোস্তাক।
জানা গেছে, এই ঈদের জামাতে দরবারের ভক্ত-আশেকান এবং আশপাশের গ্রামের অন্তত ৩০টি পরিবারের মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে ভক্তরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই দরবার শরীফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সব ধরনের ধর্মীয় উৎসব পালন করার রেওয়াজ চলে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই দরবার এলাকায় ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ ও পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দরবারের পীর শাহ্ সুফি মো. রবিন হাসান মোস্তাক জানান, ইসলামী শরিয়তের বিধান এবং বৈশ্বিক চাঁদের অবস্থান অনুসরণ করেই তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন। এবারও সকলের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে নিয়ম অনুযায়ী পশু কোরবানি সম্পন্ন করেন ভক্তরা।
মানবকণ্ঠ/আরআই




Comments