আন্তর্জাতিক বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার স্বর্ণের দাম কিছুটা কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। এছাড়া বিনিয়োগকারীরা বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্সের।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার সকালে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫২১.২৫ ডলারে নেমে এসেছে। অথচ এর আগের সেশনেই স্বর্ণের দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে, আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৫১.৬০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক লেনদেনের মুদ্রা মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার বিপরীতে স্বর্ণ কেনা এখন ব্যয়বহুল হয়ে পড়েছে। এর ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে।
বিনিয়োগকারীরা এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্র ও ইরান ইস্যুতে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হয়। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন যদি যুদ্ধবিরতি চুক্তিতে সই করে, তবে বৈশ্বিক রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে পারে, যা আগামী দিনগুলোতে স্বর্ণের বাজারের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
মানবকণ্ঠ/আরআই




Comments