স্বাধীনতার পর ১৯৭২ সালে মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। পাঁচ দশকেরও বেশি সময় পর সেই বাজেটের আকার পৌঁছেছে রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকায়। ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ৫৫তম জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এটি অর্থমন্ত্রী হিসেবে আমির খসরুর প্রথম বাজেট হলেও বাংলাদেশের বাজেট ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে। তিনি দেশের ১৫তম ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট উপস্থাপন করছেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য সামনে রেখে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট প্রণয়ন করা হয়েছে। চলতি অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের তুলনায় এটি ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট উপস্থাপন করেছিলেন তাজউদ্দিন আহমেদ। ১৯৭২-৭৩ অর্থবছরে তিনি ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। এরপর ১৯৭৩-৭৪ অর্থবছরে ৮২০ কোটি এবং ১৯৭৪-৭৫ অর্থবছরে ৯৯৫ কোটি টাকার বাজেট দেন।
বাংলাদেশের বাজেট ইতিহাসে সবচেয়ে বেশি ১২টি করে বাজেট উপস্থাপনের রেকর্ড রয়েছে প্রয়াত এম সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিতের।
সাম্প্রতিক সময়ে বাজেটের আকার দ্রুত বৃদ্ধি পেয়েছে। আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট দেন, যা পরবর্তী কয়েক বছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটিতে পৌঁছায়।
এরপর ২০২৫-২৬ অর্থবছরে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এবার সেই রেকর্ড ছাড়িয়ে দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট নিয়ে আসছে বর্তমান সরকার।
অর্থনীতিবিদদের মতে, ৭৮৬ কোটি টাকার বাজেট থেকে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকায় পৌঁছানো বাংলাদেশের অর্থনীতির আকার ও সক্ষমতার বড় পরিবর্তনের প্রতিফলন। তবে একই সঙ্গে রাজস্ব আদায়, বাজেট বাস্তবায়ন এবং ঘাটতি ব্যবস্থাপনার মতো চ্যালেঞ্জও আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে।




Comments