২০২৬-২৭ বাজেট
সামষ্টিক অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে সিপিডি
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সামষ্টিক অর্থনীতির লক্ষ্যমাত্রাগুলো অর্জন করাই সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকই চরম চাপের মুখে রয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: সিপিডির পর্যালোচনা’ অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন।
ড. ফাহমিদা খাতুন বলেন, নতুন সরকারের এই বাজেটটি এমন এক সময়ে দেওয়া হয়েছে যখন অর্থনীতি বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত প্রায় চার বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বজায় থাকায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এর পাশাপাশি প্রবৃদ্ধি দুর্বল হওয়া, বেসরকারি খাতে বিনিয়োগের মন্দাভাব, কর্মসংস্থান না হওয়া এবং ব্যাংকিং খাতের ভঙ্গুর দশা অর্থনীতিকে আরও জটিল করে তুলেছে।
সিপিডির নির্বাহী পরিচালক আরও উল্লেখ করেন, যদিও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে, তবে জ্বালানি সংকট এখন একটি চরম ‘ক্রিটিক্যাল’ সময় পার করছে। এই প্রেক্ষাপটে বাজেটে মানব উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারের যে দর্শন তুলে ধরা হয়েছে, তা বাস্তবায়ন করাই হবে সরকারের আসল পরীক্ষা।
অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জ্যেষ্ঠ গবেষণা সহকারী তামিম আহমেদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments