Image description

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে রেকর্ড ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। 

শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের পরিবর্তন এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, দেশে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১১ জুন স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছিল। কিন্তু মাত্র দুই দিনের মাথায় আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির পথে হাঁটল বাজুস। পরিসংখ্যান বলছে, চলতি ২০২৬ সালে এ নিয়ে মোট ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৬ বার কমানো হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

মানবকণ্ঠ/ডিআর