Image description

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায়, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ মূল্য।

সোমবার (১৫ জুন) সকালে প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে গত ১৩ জুনও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও উল্লেখযোগ্য হারে দাম বাড়ানো হলো।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৫ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম হবে ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত মোট ৭৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বৃদ্ধি করা হয়েছে, আর ৩৬ বার কমানো হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার এবং আমদানি ব্যয়ের পরিবর্তনের প্রভাব দেশের বাজারেও প্রতিফলিত হচ্ছে। ফলে স্বর্ণের দামে অস্থিরতা অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/আরআই