ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা যখন তুঙ্গে, তখন এই আয়োজনকে কেন্দ্র করে একটি মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিশ্বকাপ আয়োজনের বিপুল ব্যয় এবং বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতির তুলনা তুলে ধরেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল প্রায় ২২০ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলির একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি জানান, মাত্র ৪০ বিলিয়ন ডলার ব্যয়েই প্রতি বছর বিশ্বের প্রায় ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব।
এই পরিসংখ্যান তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, বিপুল অর্থ ব্যয়ে বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবিলায় অগ্রাধিকার কতটা দেওয়া হচ্ছে।
শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে আরও বলেন, কোটি কোটি ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে বিনোদননির্ভর বৃহৎ আয়োজনকে ঘিরে বৈশ্বিক উন্মাদনা মানবিক মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন হতে পারে।
তার মতে, বর্তমান বিশ্বে মানবিক চেতনার ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে, যেখানে প্রয়োজনের তুলনায় বিনোদন ও আড়ম্বরপূর্ণ আয়োজনকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments