Image description

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া আরও শক্তভাবে ঘুরে দাঁড়াবে বলে সতর্ক করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

শনিবার ম্যাকেতে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এর আগে ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে ওই পরাজয়কে ‘ডারউইন ডিজাস্টার’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

শুক্রবার সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, অস্ট্রেলিয়া এবার আরও কঠিনভাবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। তাই প্রথম টেস্টের পারফরম্যান্স ধরে রাখার পাশাপাশি কিছু ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে।

সিমন্স বলেন, ‘আমি শুধু খেলোয়াড়দের বলেছি, অস্ট্রেলিয়া আরও কঠিনভাবে আমাদের ওপর চাপ তৈরি করবে। আমাদের সেই মানের পারফরম্যান্স ধরে রাখতে হবে, কিংবা কিছু ক্ষেত্রে আরও ভালো করতে হবে। এক শতাংশ উন্নতি করার প্রয়োজন হলেও সেটা নিশ্চিত করতে হবে।’

প্রথম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়কে নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের অন্যতম সন্তোষজনক ফল হিসেবে উল্লেখ করেছেন সিমন্স। তবে জয়ের পরও দলে বড় পরিবর্তনের পক্ষে নন তিনি।

হ্যামস্ট্রিং চোটের কারণে ডারউইন টেস্টে খেলতে পারেননি বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অনুশীলনে ভালো করায় দ্বিতীয় টেস্টে তাঁর ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সিমন্স জানিয়েছেন, জয়ী একাদশে পরিবর্তন করতে তিনি খুব একটা আগ্রহী নন।

তিনি বলেন, ‘শরিফুল ভিন্ন কিছু দিতে পারে। তবে আমরা তো একটি টেস্ট ম্যাচ জিতেছি। আমি সাধারণত জয়ী দল পরিবর্তন করতে খুব একটা পছন্দ করি না। তাই এটা একটি সম্ভাবনা, তবে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

এদিকে দ্বিতীয় টেস্টের জন্য একাদশে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় দলে ফিরেছেন ম্যাট রেনশ। ছয় টেস্টে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় ওয়েদারাল্ডকে বাদ দেওয়া হয়েছে।

প্রথমে স্পিনার নাথান লায়নকে বাদ দিয়ে চতুর্থ পেসার স্কট বোল্যান্ডকে খেলানোর কথা ভাবছিল অস্ট্রেলিয়া। তবে পরে উইকেট পর্যালোচনা করে লায়নকেই দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডারউইন টেস্টে লায়ন ১২৫ রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছিলেন। দীর্ঘদিন পর চোট কাটিয়ে ওই ম্যাচ দিয়েই তিনি টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও প্রথম টেস্টের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন। তাঁর মতে, ডারউইনে অস্ট্রেলিয়া নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি, আর বাংলাদেশ যোগ্য জয় পেয়েছে।

কামিন্স বলেন, ‘আমরা আমাদের সেরা ক্রিকেটের কাছাকাছিও খেলতে পারিনি। বাংলাদেশ খুব ভালো খেলেছে এবং তারা জয়ের যোগ্য ছিল। এখন আমাদের ভালো খেলার জায়গায় ফিরে যেতে হবে এবং প্রস্তুতিতে যে ভালো অবস্থায় ছিলাম, সেটাকে মাঠের ফলাফলে রূপ দিতে হবে।’

ডারউইনে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন ছাড়া বাকিরা খুব একটা ভালো করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে গ্রিন সেঞ্চুরি করলেও বাংলাদেশের বোলিংয়ের সামনে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়।

ম্যাকেতে তাই ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফেরাই অস্ট্রেলিয়ার লক্ষ্য। অন্যদিকে প্রথম টেস্টের আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়তে মাঠে নামবে বাংলাদেশ।
এমআর