আধিপত্য নয়, ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও বন্ধুত্বের: শফিকুর রহমান
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে—এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো দেশের আধিপত্য নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন; তবে সেই সফরে বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সমতার বিষয়টি নিশ্চিত থাকতে হবে। বাংলাদেশের মানুষ এখন আর কোনো দেশের আধিপত্য মেনে নেবে না।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী সারাবিশ্ব সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের।’ বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে।
দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জামায়াত আমীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। তিনি চাইলে এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কি না, সেটিই বড় বিষয়।
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কেউ যেন ভোট ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে।
জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, মানুষের কাছে জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন হিসেবে আস্থা অর্জন করেছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে।
সম্মেলনে রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক নারী-পুরুষ রোকন সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে, শুক্রবার বিকেলে একই স্থানে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এসএ




Comments