মাতৃত্বের স্বাদ পেয়েছেন প্রায় এক মাস আগে। কিন্তু সন্তানের নাম ও কোনো ছবি প্রকাশ করেননি ক্যাটরিনা কাইফ। অভিনেত্রীর স্বামী বলিউড তারকা ভিকি কৌশলও এ বিষয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন। তবে এবার কোনো রাখ-ঢাক না রেখে সরাসরি জানিয়ে দিলেন নাম। একই সঙ্গে সামাজিক মাধ্যমে ছেলের কোমল হাতের ছবিও পোস্ট করেছেন এই তারকা দম্পতি। ক্যাটরিনা জানিয়েছেন, তাঁর ছেলের নাম রাখা হয়েছে বিহান। নামের শেষাংশে জুড়ে দেওয়া হয়েছে বাবার কৌশল পদবি।
এই বলিউড অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘বিহান’ শব্দের অর্থ প্রভাত বা সকাল। এ নিয়ে পোস্টে ভিকি-ক্যাটরিনা দম্পতি লিখেছেন, ‘আমাদের আলোর রশ্মি’। আনন্দবাজারসহ ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবরের পাশাপাশি আরও জানিয়েছে, ‘বিহান’ নামে নেপথ্যে রয়েছে ভিকির ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। এই ছবিতে মেজর বিহান শেরগিলের চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পরে পাল্টা ভারতীয় সেনার অভিযানের চিত্র উঠে এসেছিল এই ছবিতে। ভিকি এই ছবিতে অভিনয় করে বহুল প্রশংসিত হয়েছিলেন। তাই পুত্রের নামকরণও করলেন এই নামেই। মনে করছেন অনুরাগীরা।
এদিকে ভিকি আগেও জানিয়েছিলেন, এই ছবি তাঁর জীবনে খুবই বিশেষ হয়ে থাকবে। অভিনেতাকে কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, পুত্রের কী নাম রাখবেন? উত্তরে তিনি বলেছিলেন, “খুব শিগগিরই আমি বলব।” এক মাসের বেশি সময় কেটে গিয়েছে সন্তানের সঙ্গে। কিন্তু এখনও বাবা হওয়ার আসল অর্থ বুঝে উঠতে পারেননি। এই অনুভূতি এখনও বলে বোঝাতে পারেন না তিনি। কিন্তু এখন বাড়ি ফেরার তাড়া প্রতি মুহূর্তে অনুভব করেন। মনে করেন, সব সময়ে পরিবারের সঙ্গে জুড়ে থাকতে হবে।




Comments