বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব, আর সেই হাওয়া লেগেছে বাংলাদেশেও। চায়ের কাপ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই চলছে পছন্দের দল নিয়ে যুক্তিতর্ক আর কথার লড়াই। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও মেতে উঠেছেন এই ফুটবল জ্বরে। ভক্তদেরও আগ্রহের কমতি নেই তাদের প্রিয় তারকাদের সমর্থিত দল নিয়ে। এবার নিজের পছন্দের দলের কথা খোলাসা করলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। জানালেন, তিনি ব্রাজিলের কট্টর সমর্থক।
পছন্দের দল নিয়ে কথা বলতে গিয়ে এই লাস্যময়ী অভিনেত্রী বলেন, "আমি নেইমারকে খুব পছন্দ করি, তার খেলার ধরন আমার দারুণ লাগে। তবে ব্যক্তিত্বের দিক থেকে লিওনেল মেসি আমার ভীষণ পছন্দের।" এ সময় তিনি তার দলের সমর্থনে আরও যোগ করেন, "আমি ব্রাজিলের অন্ধ ভক্ত। সত্যি বলতে, যারা ফুটবল খেলাটা ভালো বোঝে, তারা ব্রাজিলকেই সমর্থন করে। কারণ, ব্রাজিলের খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সে আলাদা একটা ছন্দ রয়েছে।"
মজার বিষয় হলো, অপু বিশ্বাস নিজে ব্রাজিলের কট্টর সমর্থক হলেও তার ছেলে আব্রাম খান জয় কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনার ভক্ত। জয় মূলত মেসির দারুণ অনুরাগী। ভক্তদের উদ্দেশ্যে অপু বলেন, "সবাই যদি শুধু ব্রাজিল করে, তাহলে তো আর খেলার মজা থাকবে না! অন্য দলের সমর্থকও তো থাকতে হবে, তা না হলে খেলা দেখে আনন্দ পাওয়া যাবে না।"
বিশ্বকাপের আমেজ নিয়ে অপু জানান, এই সময়টা তার কাছে একেবারে ঈদের মতো উৎসবমুখর মনে হয়। সংসারের সব কাজ ও রান্নাবান্না শেষ করে গভীর রাত পর্যন্ত জেগে টিভির পর্দায় খেলা উপভোগ করেন এই ঢালিউড তারকা।
মানবকণ্ঠ/আরআই




Comments