Image description

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে নির্মিত বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-এর প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। সৌরভ গাঙ্গুলির ৫৪তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত পোস্টারে প্রথমবারের মতো তার চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে।

নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি ২০২৭ সালের ১৪ মে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

প্রকাশিত পোস্টারে ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত তুলে ধরা হয়েছে। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উদযাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলি। সেই বিখ্যাত দৃশ্যেই দেখা গেছে রাজকুমার রাওকে।

প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, সৌরভ গাঙ্গুলির চেহারা, শরীরী ভাষা ও উদযাপনের ভঙ্গি ফুটিয়ে তুলতে রাজকুমার রাও দারুণভাবে নিজেকে প্রস্তুত করেছেন।

সিনেমাটিতে সৌরভ গাঙ্গুলির ক্রিকেটজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হবে। কলকাতার এক তরুণ ক্রিকেটার থেকে ভারতের অধিনায়ক হয়ে ওঠা, দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রভাব—এসব বিষয়ই থাকবে সিনেমার মূল গল্পে।

প্রথম ঝলক প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। এখন সবাই অপেক্ষা করছেন সিনেমার টিজার এবং অন্যান্য চরিত্রের প্রথম ঝলক দেখার জন্য।