Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আজ রাতেই কঠিন হামলা’ হুমকির পর দক্ষিণ ইরানে মার্কিন হামলায় দেশটির ৮ সেনা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বুধবার (৮ জুলাই) ইরনা জানায়, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য ছিলেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই হামলার ‘সমুচিত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি বলেন, গাল্ফ অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেলায়েতি দাবি করেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভঙ্গের মাধ্যমে ট্রাম্প এই অঞ্চলকে আবারও সংঘাতের মুখে ঠেলে দিয়েছেন।

তিনি আরও বলেন, ইরান আগেই সতর্ক করেছিল যে এই অঞ্চল রাজনৈতিক জুয়া খেলার জায়গা নয়। যেকোনো দুঃসাহসিকতার তাৎক্ষণিক ও উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে জানান, ইরান চুপ করে থাকবে না।