Image description

অভিনেত্রী পরীমনি চার বছর আগে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরীমনি বলেন, তাকে যেভাবে অপদস্থ করা হয়েছে এবং তার সম্মান, নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। তিনি প্রশ্ন রাখেন, হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের মূল্যবোধ রাষ্ট্র ফিরিয়ে দিতে পারবে কি না।

তিনি আরও বলেন, প্রতিশোধ নয়, তিনি সত্য ও ন্যায়বিচার চান। ভবিষ্যতে যেন কোনো নির্দোষ মানুষ এমন অন্যায়ের শিকার না হন, সেটিই তার প্রত্যাশা। অতীতের ক্ষত ভুলে কাজ, সন্তান, পরিবার ও দর্শকদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান বলেও জানান এই অভিনেত্রী।