Image description

জর্জ ক্লুনি ও তার মানবাধিকার আইনজীবী স্ত্রী আমাল ক্লুনি ফ্রান্সের ভয়াবহ দাবানলের কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্রিগনোলসের কাছে অবস্থিত নিজেদের বিলাসবহুল বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।  স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

গত এক সপ্তাহ ধরে ফ্রান্সের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই চলছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় দাবানলে ইতোমধ্যে প্রায় ৪২ হাজার হেক্টর (১ লাখ ৩ হাজার একর) বনভূমি পুড়ে গেছে।

ব্রিগনোলসের কাছে ক্লুনি দম্পতির ১৭০ হেক্টরজুড়ে বিস্তৃত ‘ডোমেইন দ্যু ক্যানাদেল’ নামে একটি বিশাল এস্টেট রয়েছে। গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ওই সম্পত্তির কাছাকাছি এলাকায় আগুন ছড়িয়ে পড়লে তারা সতর্কতামূলকভাবে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।

পিপল সাময়িকীর তথ্য অনুযায়ী, ব্রিগনোলসের মেয়রের কাছে পাঠানো এক চিঠিতে ক্লুনি দম্পতি জানান, তাদের বাড়িটি আগুন থেকে রক্ষা পাবে কি না, তা নিয়ে তারা অনিশ্চয়তায় রয়েছেন। একই সঙ্গে তারা প্রতিবেশীদের নিরাপত্তা কামনা করে জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে তারা স্থানীয় সম্প্রদায়ের পাশে থাকবেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করবেন।

স্থানীয় প্রশাসন চিঠিটির সত্যতা নিশ্চিত করেছে। ব্রিগনোলসের মেয়র বলেন, ক্লুনি দম্পতিকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়নি; বরং আগাম সতর্কতার অংশ হিসেবে তারা স্বেচ্ছায় নিরাপদ স্থানে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জর্জ ক্লুনির এই বিশাল সম্পত্তিতে ১৮ শতকের একটি ঐতিহাসিক ম্যানর হাউস, একটি লেক, সুইমিং পুল এবং বিস্তীর্ণ আঙুরের বাগান রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ব্রিগনোলসের সাম্প্রতিক দাবানলে ১৩০ হেক্টর এলাকা পুড়ে গেছে এবং ৬০০ জনের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবারের মধ্যে অধিকাংশ বাসিন্দা নিজ নিজ বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে বৃহস্পতিবার পর্যন্ত ২৭০ জন দমকলকর্মী কাজ করেছেন। এ সময় ওয়াটার-বোম্বিং হেলিকপ্টারও ব্যবহার করা হয়। উদ্ধার অভিযান চলাকালে চারজন দমকলকর্মী আহত হয়েছেন।