Image description

রাশমিকা মান্দানা আসন্ন নারীকেন্দ্রিক চলচ্চিত্র মাইসা–এর শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন। হায়দরাবাদে একটি গানের নাচের মহড়ায় লাফ দেওয়ার দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার হিপ (কোমর ও নিতম্বের সংযোগস্থল) এলাকায় গুরুতর চোট লাগে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকরা তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

জানা গেছে, টানা শুটিং, অ্যাকশন দৃশ্য ও নাচের কারণে শারীরিক চাপের মধ্যে ছিলেন রাশমিকা। দুর্ঘটনায় তার হিপ এলাকার পেশিতন্তু (টেন্ডন) গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের গভীর টেন্ডন ইনজুরি সাধারণত কড়া শারীরিক অনুশীলন করা অ্যাথলেটদের মধ্যেই বেশি দেখা যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে আগের শারীরিক সক্ষমতা ফিরে পেতে তাকে পূর্ণ বিশ্রামের পাশাপাশি বিশেষ পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করতে হবে।

বর্তমানে রাশমিকা মান্দানা একসঙ্গে চারটি বড় বাজেটের চলচ্চিত্রের শুটিং এবং প্রায় ৩০টি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ করছিলেন। সম্প্রতি কেরালায় মাইসা ছবির অ্যাকশন দৃশ্যে কোনো বডি ডাবল ছাড়াই নিজেই অভিনয় করেছিলেন।

তবে এই আকস্মিক দুর্ঘটনার কারণে তার চলমান চলচ্চিত্রের শুটিং সূচি এবং বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপনের কাজ বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।