বলিউডের জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয় এবং আর মাধবনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। সারাক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের প্রশংসায় মুখর থাকলেও এই তারকারা কেন দুবাইয়ে বসবাস করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার (১ আগস্ট) মুম্বাইয়ে এমএনএস ছাত্র উইংয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রাজ ঠাকরে। তিনি দাবি করেন, গত ১২ বছরের শাসনামলে হাজার হাজার শিল্পপতি ও ব্যবসায়ী ভারত ছেড়ে চলে গেছেন।
এ সময় মোদী সরকারের প্রশংসামূলক চলচ্চিত্রে কাজ করার পরেও তারকাদের বিদেশে বসবাস নিয়ে প্রশ্ন তোলেন এ রাজনীতিক। তিনি বলেন, কিছু অভিনেতা ভারতে এসে সরকারি পৃষ্ঠপোষকতায় নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেন এবং পরে দুবাইয়ে ফিরে যান।
বিবেক ওবেরয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে বিবেক প্রধানন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। অথচ তিনি ভারতেই থাকেন না, বরং দুবাইয়ে বসবাস করেন।
একইভাবে অভিনেতা আর মাধবনের সমালোচনা করে তিনি জানান, মাধবন দেশ কীভাবে বদলে গেছে এবং মোদীর আমলে সবকিছু কতটা উন্নত হয়েছে তা নিয়ে কথা বলেন। অথচ তিনি সপরিবারে দুবাইয়ে চলে গেছেন।
অভিনেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, তারা যদি দেশকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তবে নিজেরা কেন বিদেশে বসবাস করছেন?
অনলাইন ট্রোলিংয়ের ভয়ে অনেক অভিনেতা জনসচেতনতামূলক বিষয়ে মুখ খুলতে চান না বলে মন্তব্য করেন এমএনএস প্রধান। ট্রোলের শিকার হওয়ার ভয়ে সেলিব্রেটিরা নীরব থাকতে পছন্দ করেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে এনইইটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং ছাত্র আন্দোলনের প্রসঙ্গও তোলেন রাজ ঠাকরে। শিক্ষার্থীদের পথভ্রষ্ট বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি।
দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির সময় আপত্তিকর স্লোগান এবং শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ক্ষমা করে দেওয়ার কথা বললেও ঠাকরে মনে করেন, এই অসন্তোষ সরকারের ব্যর্থতার ফল।
মানবকণ্ঠ/এমআর




Comments