ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি।
প্রদীপ রাওয়াত পর্দায় শক্তিশালী খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। গজনি সিনেমায় নির্মম ভিলেনের ভূমিকায় অভিনয় করে তিনি উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এর আগে ২০০৫ সালের তামিল সংস্করণ গজনি-তেও একই চরিত্রে অভিনয় করেছিলেন।
১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্ম নেওয়া প্রদীপ রাওয়াত অভিনয়জীবন শুরু করেন টেলিভিশনে। বি. আর. চোপড়ার মহাভারত-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। পরে অগ্নিপথ, কয়লা, সরফরোশ, মেজর সাব এবং লগান-সহ বহু আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন।
চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি হিন্দি, তামিল, তেলেগু, নেপালিসহ বিভিন্ন ভাষায় শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বলিষ্ঠ পর্দা উপস্থিতি, গভীর কণ্ঠস্বর ও স্মরণীয় খলচরিত্রের অভিনয়ের জন্য তিনি ভারতীয় চলচ্চিত্রে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি সেরা খলঅভিনেতা বিভাগে ফিল্মফেয়ার (তেলুগু) ও নন্দী পুরস্কার অর্জন করেন। সর্বশেষ তাকে গত বছরের ছাবা সিনেমায় দেখা যায়।




Comments