Image description

শুটিংয়ের দৃশ্য ধারণের সময় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। দৌড়ানোর একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে অসাবধানতাবশত নিজের নোজ পিন (নাকফুল) গিলে ফেলেছেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল শেহনাজ গিল। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি পর্দার পেছনের ভিডিও নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই তারকা।  

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে শেহনাজ ক্যাপশনে লেখেন, ভিডিওটি দেখার আগে ছোট একটি গল্প জেনে নিন। আপনারা অনেকেই আমাকে নোলক খুলে পড়ে যাওয়ার মুহূর্তটি পোস্ট করতে বলেছিলেন! 

ভিডিওতে দেখা যায়, শেহনাজ সেটে দৌড়ে আসার সময় হঠাৎ নাকের নোলকটি খুলে তার মুখের ভেতর চলে যায়। সঙ্গে সঙ্গেই তিনি কাশতে শুরু করেন। সে সময় পরিস্থিতি অনুধাবন করে পাশে থাকা সহশিল্পী সৌরভ সচদেব এগিয়ে যান এবং শেহনাজের পিঠ চাপড়ে দিয়ে তাকে সামলে নেওয়ার চেষ্টা করেন।

ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই মন্তব্যের ঘরে নিজেদের উদ্বেগ-শঙ্কা প্রকাশ করতে থাকেন এই অভিনেত্রীর ভক্ত ও অনুরাগীরা। কাজের প্রতি তার এই একাগ্রতার প্রশংসা করার পাশাপাশি অনেকেই তাকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। এক অনুরাগী মন্তব্য করেন, কাজের প্রতি আপনার ভালোবাসা আমরা বুঝি, তবে নিজের যত্ন নেবেন। অন্য একজন লেখেন, আপনি ভীষণ শক্তিশালী একজন নারী, ঈশ্বর আপনার মঙ্গল করুন।

জানা গেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তার আসন্ন পাঞ্জাবি সিনেমা ‘ইশকনামা’র সেটে। অরবিন্দর খায়রা পরিচালিত এই পিরিয়ড রোম্যান্টিক ড্রামা ধারার সিনেমায় ভারতীয় পাঞ্জাবের এক শিখ তরুণ ও পাকিস্তানি পাঞ্জাবের এক মুসলিম তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। তবে শেহনাজের বর্তমান অবস্থা কি, তা জানা যায়নি।

এমআর