Image description

পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করেছে নতুন একজোড়া ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এই ট্রেন সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের মেয়াদকালের ১৮০ দিনের মাথায় চালু হওয়া এই কমিউটার ট্রেন ঢাকা ও গোপালগঞ্জের মধ্যকার চাকরিজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের প্রতিদিন কম খরচে যাতায়াতের সুবর্ণ সুযোগ তৈরি করবে। যাত্রীরা দিনে গিয়ে দিনেই কাজ শেষে নিজ নিজ এলাকায় ফিরতে পারবেন, যা রাজধানীর যানজট নিরসন ও নগরায়ণের চাপ হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া স্থানীয় কৃষিপণ্য ও মাছ স্বল্প খরচে দ্রুত ঢাকার বাজারে পরিবহনের পথ সুগম হবে।

ট্রেনের বিবরণ ও সময়সূচি:

আসন ও কোচ: ৮টি কোচে মোট আসন সংখ্যা ৬৩০টি।

যাত্রাপথ ও দূরত্ব: ঢাকা-গোপালগঞ্জ রুটের দূরত্ব ১৪৮ কিলোমিটার।

যাত্রাবিরতি (৭টি স্টেশন): কেরাণীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন।

সময়সূচি (১৩৫ নম্বর ট্রেন): ঢাকা থেকে দুপুর ৩:৩০ মিনিটে ছেড়ে গোপালগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে।

সময়সূচি (১৩৬ নম্বর ট্রেন): গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১০:২৫ মিনিটে।

সাপ্তাহিক বন্ধ: প্রতি শনিবার।

'অভিযাত্রী কমিউটার'-এর উদ্বোধনী যাত্রায় সাধারণ যাত্রীদের সঙ্গে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

এমআর