Image description

ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা এবং 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধন ২০২৬)' অনুসারে দ্রুত বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ডরপ (DORP) তামাকবিরোধী যুব প্রতিনিধিরা।

সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'আন্তর্জাতিক যুব দিবস ২০২৬' উপলক্ষে 'ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর' (ডরপ) আয়োজিত “তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় যুব সমাজের ভূমিকা” শীর্ষক যুব সম্মেলনে শতাধিক তামাকবিরোধী যুব প্রতিনিধি এই জোর দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতার উজ-জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম মূল অঙ্গীকার হলো জনস্বাস্থ্য সুরক্ষা প্রদান এবং কার্যকর তামাক নিয়ন্ত্রণ নিশ্চিত করা।"

তিনি আরও বলেন, "দেশের যুবসমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্বের মূল কারিগর। তাই ই-সিগারেট, নিকোটিন পাউচসহ নতুন ধরনের নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এসব উদীয়মান তামাক ও নিকোটিন পণ্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে যুব প্রতিনিধিরা যে উদ্বেগ ও যুক্তিসঙ্গত দাবি তুলে ধরেছেন, তা আমাদের জনস্বাস্থ্য সুরক্ষার দিক থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।" এই ধরনের ইতিবাচক যুব উদ্যোগে সরকারের সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনের শুরুতেই অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন ডরপ (DORP)-এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। সম্মেলনে উপস্থিত অন্যান্য প্রতিনিধিরা তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দ্রুত কার্যকর আইনি পদক্ষেপ বাস্তবায়নের জোর দাবি জানান।