Image description

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী উর্বশী রাউতেলার পোশাক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে বিচারকের দায়িত্ব পালন করতে গিয়ে ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীক অনুসরণ করে তৈরি পোশাক পরেছিলেন তিনি।

অনুষ্ঠানের মঞ্চে উর্বশীর পরনে ছিল গেরুয়া, সাদা ও সবুজ রঙের পোশাক। পোশাকের মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্রের নকশা। এর সঙ্গে সোনালি ঝালর, বড় হীরার কানের দুল, রুপালি চুড়ি ও ভারী আংটি দিয়ে সাজ সম্পূর্ণ করেন তিনি।

অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পোশাকটি নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে পরাকে জাতীয় প্রতীকের প্রতি অসম্মান হিসেবে দেখছেন। তবে অনেকে আবার উর্বশীর প্রশংসা করেছেন। তাদের মতে, এই পোশাকের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের বার্তা দিয়েছেন অভিনেত্রী।

বিতর্কের মধ্যে নিজের পোশাকের বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন উর্বশী। তিনি জানান, আগে থেকেই বলেছিলেন, ‘আমিই ভারত’। তাই ওই দিন নিজেকে ভারতবর্ষের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরতেই এমন পোশাক বেছে নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত।

এবারের আয়োজনটি উর্বশীর জন্য ব্যক্তিগতভাবেও বিশেষ ছিল। ২০১৫ সালে তিনিই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন। সে সময় তাকে মুকুট পরিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এবার সুস্মিতা সেনও মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর নির্বাচন কমিটির সদস্য ছিলেন।

অনুষ্ঠানের মঞ্চে নিজের সেই সময়ের কথা স্মরণ করে সুস্মিতা সেনের প্রতিও শ্রদ্ধা জানান উর্বশী।

এসএস