ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়ি ‘কামরাঙ্গা’তে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির বাইরে থাকা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটারের সংযোগের তার, এসির তার ও একটি এসির আউটডোর ইউনিটসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। এর আগে সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে এসে চুরির বিষয়টি জানতে পারেন তিনি।
ফজলুর রহমান বাবু জানান, তার পুরো পরিবার ঢাকায় থাকলেও মাঝেমধ্যে তিনি ফরিদপুরের বাড়িতে আসেন। প্রায় ২০ থেকে ২৫ দিন আগে সর্বশেষ বাড়িতে এসেছিলেন। সোমবার রাতে বাড়িতে ফিরে লাইট জ্বালাতে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। পরে বাইরে গিয়ে মেইন লাইনের তার কাটা দেখতে পান। ছাদে গিয়ে এসির তারও না থাকার বিষয়টি দেখতে পান। এ ছাড়া বাইরে থাকা এসির কয়েকটি অংশও চুরি হয়েছে।
অভিনেতা বলেন, ‘এটি আমার জন্মস্থান। মাঝেমধ্যে এখানে আসি। আগে এলাকায় নিরাপদেই থাকতাম। কিন্তু সম্প্রতি চোরের উপদ্রব বেড়েছে। শুধু আমার বাড়িতে নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, বিদ্যুতের তার চুরির ঘটনায় ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে জিডি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।
এসএস




Comments