Image description

যুক্তরাষ্ট্রের বিখ্যাত র‍্যাপার ম্যাকলেমোর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের কনসার্টে ওপেনিং অ্যাক্ট হিসেবে পারফর্ম করার সময় মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ বাক্যটি উচ্চারণ করেন। আর এই ঘটনা জেরে এবার ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন এই র‍্যাপার। শিরানের 'লুপ' সফরের উদ্বোধনী পরিবেশক (ওপেনিং এক্ট) হিসেবে যুক্ত থাকলেও দুটি কনসার্টে 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান এবং রাজনৈতিক বক্তব্য দেওয়ার পর ইহুদি সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে তাকে বাদ দেওয়া হয়। 

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে সফর থেকে বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেন ম্যাকলমোর। তার আসল নাম বেঞ্জামিন হ্যাগার্টি। 

তবে নিজের বক্তব্যের পক্ষে অনড় থেকে তিনি জানান, এই পরিস্থিতির প্রকৃত ভুক্তভোগী হলেন গাজার সাধারণ মানুষ। এড শিরান এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সফরের বাকি অংশে ম্যাকলমোরের স্থলাভিষিক্ত কে হবেন, তাও জানা যায়নি।

গত ৪ সেপ্টেম্বর নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরানের কনসার্টে পারফর্ম করেন ম্যাকলমোর। ফিলিস্তিনের দীর্ঘদিনের অধিকারকর্মী এই র‍্যাপার দর্শকদের বলেন, 'এই সফরে যুক্ত হতে চাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল—আমি যেন এই ধরনের স্টেডিয়ামে দাঁড়িয়ে আমার হৃদয়ের অত্যন্ত প্রিয় দুটি শব্দ উচ্চারণ করতে পারি: ফ্রি প্যালেস্টাইন।'

এরপর তিনি 'হিন্ডস হল' গানটি পরিবেশন করেন। গানটিতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানানো হয়েছে। গান চলার সময় বড় পর্দায় গাজার ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজ দেখানো হয়।

এর পর ক্যাম্পেইন গ্রুপ 'স্টপঅ্যান্টিসেমিটিজম' ম্যাকলমোরের সমালোচনা করে। সংগঠনটি বলে, 'ইহুদি ভক্তরা এড শিরানের গান শোনার জন্য টিকিট কিনেছিলেন... ম্যাকলমোরের ইসরায়েলবিরোধী প্রোপাগান্ডার মাধ্যমে হেনস্তার শিকার হতে নয়।'

পরের রাতেও একই মঞ্চে পারফর্ম করেন ম্যাকলমোর। এ সময় উপস্থিত 'ইহুদি ভাই ও বোনদের' উদ্দেশে তিনি বলেন, 'ইসরায়েলের সমালোচনা, বর্ণবাদের সমালোচনা কিংবা গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানে কোনোভাবেই আপনাদের সমালোচনা করা নয়।' তিনি আরও বলেন, 'গাজা ও পশ্চিম তীরের মানুষ যেন জানে, তারা বিস্মৃত হয়ে যায়নি।'

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭৩,৭৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের মতে, মন্ত্রণালয়টির দেওয়া পরিসংখ্যান নির্ভরযোগ্য।

ইসরায়েল অবশ্য বারবার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, আন্তর্জাতিক আইন মেনেই গাজা ও অধিকৃত পশ্চিম তীরে তাদের সেনারা আত্মরক্ষামূলক অভিযান পরিচালনা করছে।

ম্যাকলমোরের বিরুদ্ধে সমালোচনা বাড়ার মধ্যে 'ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল' তাকে শিরানের সফর থেকে বাদ দেওয়ার দাবিতে একটি পিটিশনও চালু করে। কাউন্সিলটি বলে, 'এটি ছিল এড শিরানের কনসার্ট—কোনো রাজনৈতিক সমাবেশ, প্রতিবাদ কিংবা অধিকারকর্মীদের আয়োজন নয়।' সংগঠনটির অভিযোগ, ম্যাকলমোর সেখানে 'পক্ষপাতমূলক বার্তা এবং বিতর্কিত দাবি' উপস্থাপন করেছেন।

ইনস্টাগ্রামে প্রায় এক হাজার শব্দের বিবৃতিতে ম্যাকলমোর জানান, শিরানের সঙ্গে এক সপ্তাহ ধরে 'কঠিন আলোচনার' পর এবং 'মৌলিক বিষয়ে মতভেদ থাকায়' তাকে সফর থেকে বাদ দেওয়া হয়।

সফরের আয়োজক সংস্থা 'মেসিনা ট্যুরিং গ্রুপ' রোলিং স্টোনকে জানায়, বিভিন্ন ভেন্যু কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছিল যে তারা ম্যাকলমোরকে পারফর্ম করতে দেবে না। এতে 'পুরো সফরটিই বাতিল হয়ে যেত এবং লাখ লাখ ভক্ত ক্ষতিগ্রস্ত হতেন।'

ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফটও ম্যাকলমোরকে সেখানে পারফর্ম করতে নিষেধ করেন। তিনি বলেন, তার স্টেডিয়াম 'বিদ্বেষমূলক বক্তব্যের কোনো সুযোগ দেবে না।' একই সঙ্গে ম্যাকলমোরের বিরুদ্ধে 'ইহুদিবিদ্বেষমূলক বক্তব্যের দীর্ঘ অতীত ইতিহাস' থাকার অভিযোগ তোলেন তিনি।

ক্রাফট বলেন, 'ম্যাকলমোরের সঙ্গে আমি একমত যে অসংখ্য মানুষের প্রাণ গেছে এবং সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে বেছে বেছে কেবল নির্দিষ্ট কিছু তথ্য প্রচার করা এবং হামাসের কর্মকাণ্ডকে এড়িয়ে যাওয়া সৎ কোনো পদক্ষেপ নয়; এটি কেবল বিভেদ ও ঘৃণাকেই উসকে দেয়।'

ম্যাকলমোর বলেন, শিরান যে জটিল ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছেন, তা তিনি বুঝতে পারছেন। তবে স্পষ্ট অবস্থান না নেওয়ায় এই ব্রিটিশ সংগীতশিল্পীর সমালোচনাও করেন তিনি।

তিনি লেখেন, 'কোনো একটি পক্ষ নেওয়ার জন্য চড়া মূল্য দিতে হতে পারে। অর্থ, ব্র্যান্ড চুক্তি, স্পনসরশিপ, বিভিন্ন উৎসব, ব্যক্তিগত কনসার্ট, সম্পর্ক এবং নানা সুযোগ-সুবিধা হারাতে হতে পারে। আমি এই সবকিছুই হারিয়েছি। তবে নিপীড়ক ও নিপীড়িতের মাঝে কোনো নিরপেক্ষ অবস্থান থাকতে পারে না।'

ইহুদিবিদ্বেষের অভিযোগ প্রসঙ্গে তিনি লেখেন, 'মুখ বন্ধ করিয়ে দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো ইহুদিবিদ্বেষের অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা।'

ম্যাকলমোর আরও বলেন, 'ইসরায়েলের সমালোচনা করা, জায়নবাদের বিরোধিতা করা কিংবা "ফ্রি প্যালেস্টাইন" বলাকে যখন ইহুদি সম্প্রদায়ের প্রতি ঘৃণার সঙ্গে গুলিয়ে ফেলা হয়, তখন তা ইহুদিদের সুরক্ষা দেয় না; বরং ইসরায়েলকে জবাবদিহিতা থেকে সুরক্ষা দেয়।'

তবে তিনি বলেন, এই সফরে মাত্র দুটি অনুষ্ঠানে অংশ নিতে পারলেও তার বক্তব্যের মাধ্যমে যদি 'আলোচনার কেন্দ্রে আবারও ফিলিস্তিনকে ফিরিয়ে আনা সম্ভব হয়ে থাকে, তবে এটাই ছিল আমার জীবনের সবচেয়ে সফল সফর।'

সূত্র: বিবিসি
এমআর