Image description

চট্টগ্রামের ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল ও ওষুধ সংকটের পাশাপাশি জলাবদ্ধতা, মশা, পোকামাকড়ের উপদ্রব ও নিরাপদ পানির সংকটে ভেঙে পড়ছে স্বাভাবিক চিকিৎসাসেবা। এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় রোগীরা।
সরেজমিনে স্বাস্থ্যকেন্দ্রটি ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রটিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া ও এমএলএসএসসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য।
সম্প্রতি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে একজনকে পদায়ন করা হলেও অন্যান্য পদে জনবলসংকট রয়ে গেছে।কেন্দ্রটিতে নিয়মিত ওষুধ সরবরাহ না থাকায় প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না অনেক সেবাগ্রহীতা।
এছাড়া স্বাস্থ্যকেন্দ্রের চারপাশের নিচু জমিতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আগাছা বেড়ে যাওয়ার পাশাপাশি মশা, পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, মাঝেমধ্যে বিষাক্ত সাপেরও দেখা মিলছে কেন্দ্রটিতে।
স্বাস্থ্যকেন্দ্রটির উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বাদল কান্তি দত্ত বলেন, "কেন্দ্রের আশপাশের নিচু জমি ভরাট করে জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানির ব্যবস্থা, শূন্য পদে জনবল পদায়ন এবং নিয়মিত ওষুধ সরবরাহের বিষয়গুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক রুপম চৌধুরী বলেন, "স্বাস্থ্যকেন্দ্রটির সেবার পরিবেশ ও অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংসদ সদস্যের হস্তক্ষেপও কামনা করা হয়েছে।"
ফটিকছড়ি উপজেলা মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাউসার আক্তার (পপি) সমস্যার সত্যতা স্বীকার করে বলেন, "রোসাংগিরী স্বাস্থ্যকেন্দ্রে কিছু সমস্যা রয়েছে। আশা করছি, খুব শিগগির এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে।"
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও স্বাস্থ্যকেন্দ্রটির সমস্যাগুলোর কার্যকর সমাধান হয়নি। দ্রুত জনবল, ওষুধ, জলাবদ্ধতা ও নিরাপদ পানির সংকট সমাধান না হলে চিকিৎসাসেবা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এসএ