Image description

ছোট পর্দায় নিজেদের অভিনয় দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছেন তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানা। দীর্ঘ অভিনয়জীবনে দুজনকে একসঙ্গে পর্দায় দেখা না গেলেও এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন এই দুই অভিনয়শিল্পী।

নাম এখনো চূড়ান্ত না হওয়া নতুন এই ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন ভিকি জাহেদ। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নির্মাতার পরিচিত ধাঁচ অনুসরণ করেই সাসপেন্স-থ্রিলার গল্পে নির্মিত হবে ছবিটি। ফলে প্রথমবার তৌসিফ ও শার্লিনকে জুটি হিসেবে দেখার পাশাপাশি তাদের পর্দার রসায়ন নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বর্তমানে নিজের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভিকি জাহেদ। সেই কাজ শেষ করার পরই নতুন ওয়েব ফিল্মটির শুটিং শুরু করবেন তিনি। এরপর একই অভিনেতাকে নিয়ে ‘চক্র ৩’-এর কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তার। নির্মাতার সিনেমাটি আগামী ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানা অভিনীত নাম চূড়ান্ত না হওয়া ওয়েব ফিল্মটি নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে।

এদিকে তৌসিফ মাহবুব ব্যস্ত রয়েছেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম মৌসুমের শুটিং নিয়ে। এরই মধ্যে নতুন একটি নাটকের কাজও শেষ করেছেন তিনি। রাখির পরিচালনায় ওই নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। পাশাপাশি এই জুটি সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনের শুটিংও শেষ করেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, অভিনয়ে বিরতির পর আবারও ব্যস্ত হয়ে উঠেছেন শার্লিন ফারজানা। জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘নীলপরী’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরছেন তিনি। এরই মধ্যে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ সিনেমাতেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
এমআর