Image description

তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা সাংসদ ও টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রোববার পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডের আসনের জন্য কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন কোয়েল মল্লিক। তবে রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর গত ১৬ জুলাই তিনি উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন।

তৃণমূলের সাংসদ পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে পুনরায় উচ্চকক্ষে প্রার্থী হওয়ার তালিকায় কোয়েল চতুর্থ নেতা। এর আগে গত ৯ জুলাই তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইককে একইভাবে রাজ্যসভার প্রার্থী করেছিল বিজেপি। পরে তারা নির্বাচিত হন।

ঘোষিত নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্যসভার আসনগুলোতে ভোটগ্রহণ হবে। একই দিনে ভোট গণনা অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর, বাছাই ৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ অক্টোবর।

এ নির্বাচনে উত্তরাখণ্ডের একটি আসনে দীনেশ আর্যকে প্রার্থী করেছে বিজেপি।

তৃণমূলের সাবেক সাংসদদের পদত্যাগের পর বিজেপির টিকিটে রাজ্যসভায় পাঠানোর এই ধারাবাহিক কৌশল নিয়ে দলের ভেতরেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপির একাংশের নেতারা বলছেন, নির্বাচনের আগে যারা দলের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের এভাবে শীর্ষ পদে পুনর্বাসন করায় দলে ভিন্ন রাজনৈতিক প্রভাব তৈরি হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

সূত্র: দ্য হিন্দু