Image description

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দীপ চন্দ্র রায় নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের দুর্গাদাঙ্গা মহলবাড়ী বড়দিঘি এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত দীপ চন্দ্র রায় ওই এলাকার শুভ চন্দ্র রায়ের একমাত্র সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে প্রতিবেশীদের এক শিশুর সঙ্গে খেলতে গিয়ে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় দুই শিশু। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে এক শিশুকে হাবুডুবু খেতে দেখে দ্রুত তাকে আশঙ্কামুক্ত অবস্থায় উদ্ধার করেন। একই সময় অন্য ডুবন্ত শিশু দীপ চন্দ্রকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

পরে দ্রুত দীপকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিআর